সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনকে ঘিরে অনিয়ম, অসাংবিধানিকতা ও বেআইনি কার্যক্রমের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট আইনজীবীরা এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং বহু প্রার্থীকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে মনোনয়ন যাচাই-বাছাই (স্ক্রুটিনি) প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলেও, পরবর্তীতে যাচাই-বাছাই ছাড়াই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, যা প্রচলিত নিয়মের পরিপন্থী।
আইনজীবীরা আরও দাবি করেন, এ প্রক্রিয়ায় ৪০ জনের বেশি প্রার্থী অন্যায়ভাবে বাদ পড়েছেন এবং কিছু প্রার্থী চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এতে দীর্ঘদিনের স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৭৭ বছরের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতি এ ঐতিহ্যের পরিপন্থী এবং এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা অবিলম্বে বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা, ত্রুটিপূর্ণ প্রক্রিয়া বাতিল এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। 👉 প্রেস রিলিজটি দেখতে এখানে ক্লিক করুন
