বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক দিন ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছিল। কিন্তু আজ, ১৬ আগস্ট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই সফরের জন্য প্রয়োজনীয় “অনুকূল পরিবেশ” নেই। ফলে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে।
আর ঠিক এই সময়েই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। Northeast News-এর সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিজিএফআইয়ের ছয় কর্মকর্তা ১৫ আগস্ট একটি অঘোষিত মিশনে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, দলটির নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মাগফুজ-উল-বারী। ছয় সদস্যের দলটি থাই এয়ারওয়েজের TG-322 ফ্লাইটে ব্যাংকক হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা দেয়।
তাঁদের সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। তবে Northeast News-এর প্রতিবেদনে ধারণা করা হয়েছে, ডিজিএফআই কর্মকর্তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন।
এর আগে ২০২৬ সালের এপ্রিলে ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীও পাকিস্তান সফর করেছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একদিকে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা আপাতত বাতিল, অন্যদিকে একই সময়ে ডিজিএফআইয়ের ছয় কর্মকর্তার ইসলামাবাদ সফর। ঘটনাদুটি কি শুধুই সময়ের কাকতাল, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো আঞ্চলিক কূটনৈতিক ও নিরাপত্তা সমীকরণ?
