রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান।
রোববার (২৪ মে) পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় তদন্ত কর্মকর্তা এ চার্জশিট জমা দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, চার্জশিট জমার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এটি গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এর আগে গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত সোহেল রানা জবানবন্দি দেন। একই ঘটনায় অভিযুক্ত স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় একটি ফ্ল্যাটে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত বিচারের দাবি ওঠে।
