গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা উপজেলা) আসনে উপনির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সকল নির্বাচন কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-সহ নির্বাচনী উপকরণ।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ঢাকা থেকে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন।
তিনি জানান, নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও মাঠে থাকবেন বিজিবি, গোয়েন্দা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভালো নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন গাইবান্ধা পুলিশ সুপার।
এদিকে, সাধারণ ভোটারদেরও প্রত্যাশা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর ভোটের।
ফুলছড়ি-সাঘাটা উপজেলার ১৭ টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
