তারেক মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল, আওয়ামী লীগ পালাবার দল নয় দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শুক্রবার (১০ নভেম্বর) যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেছেন, ‘তারেক মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। ফালু পালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল, আওয়ামী লীগ পালাবার দল নয়। তারা মনে করেছে ১০ ডিসেম্বর তারিখের শেখ হাসিনা গদি ছেড়ে দিবে। কিন্তু ওরা ছাগলের বাচ্চা। ছাগলের একাধিক বাচ্চা থাকলে যেমন দুটি বাচ্চা দুধ খায় বাকিগুলো লাফায়। ঠিক তেমনি বিএনপিতে খালেদা-তারেক দুধ খায় বাকি ছাগলের বাচ্চারা লাফায়।’
তিনি বলেন, ‘আগামীতে অন্যান্য দেশের মতো দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যদি সাহস থাকে পারলে এসে নির্বাচন করো। তারেক-খালেদা কেউই নির্বাচন করতে পারবেন না। বঙ্গবন্ধু বুঝতে পারেননি। তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সজাগ। যুবলীগকেও সজাগ থাকতে হবে। ছাগলের বাচ্চারা লাফাবে কিন্তু কোনো কাজে আসবে না। আমাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝির না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।’
