প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান কাদের সিদ্দিকী। এ সময় তাঁর সঙ্গে তার সহধর্মিনী নাসরিন সিদ্দিকী ও তাদের দুই কন্যাও ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
সাক্ষাতের বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, পারিবারিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তাঁর নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। সে সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বাঘা সিদ্দিকী’ নামে পরিচিত ছিলেন। ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি শেষ করেছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। তাঁর নামে টাঙ্গাইলের সখিপুরে ‘কাদেরনগর’ নামে একটি গ্রামের নামকরণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন কাদের সিদ্দিকী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে মতবিরোধের কারণে ১৯৯৯ সালে আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ নামের রাজনৈতিক দল গঠন করেন তিনি। এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।
