শনিবার (৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত আছেন। সম্মেলনে অন্তত পাঁচ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। সকাল ১০টার মধ্যেই সম্মেলনস্থলে বিপুলসংখ্যক নেতা–কর্মীর সমাগম দেখা যায়। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই হলুদ, সাদা, গোলাপিসহ বিভিন্ন রঙের টি-শার্ট আর টুপি পরে এসেছেন। সম্মেলনস্থলে অনেক নারী কর্মীর উপস্থিতি দেখা গেছে।
ছয় বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা ময়মনসিংহ। উজ্জীবিত দলের তৃণমূল নেতা কর্মী ও সমর্থকরা। কে হচ্ছেন মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক-এ নিয়ে দলের নেতা কর্মী ও সমর্থকসহ নানা শ্রেনী পেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক কৌতূহল।
সম্মেলনের আশপাশের সড়ক আওয়ামী লীগের নেতাদের বিলবোর্ড, তোরণ আর ফেস্টুনে ভরে গেছে। নেতাদের ছবিযুক্ত বড় গ্যাসবেলুন উড়িয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সম্মেলনের জন্য তৈরি করা হয়েছে নৌকার আদলে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ। ঢাকা থেকে ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মীরা এই মঞ্চ তৈরি করেছেন। মঞ্চে ২০০ নেতার জন্য আসন দেওয়া হয়েছে।
