বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার মহাসমাবেশ নয়া পল্টনেই হবে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী, যারা তাকে বলে প্রধানমন্ত্রী। আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। জোর করে দুইবার নির্বাচন করেছে। ২০১৪ আর ২০১৮। ২০১৪ তে কেউ ভোট দিতে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। আর ২০১৮ তে আগের রাতেই নাকি ভোট শেষ। উনি নাকি আবার নির্বাচন করবেন। গত পরশু যাশোরে সভা করেছেন। সভায় তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ আসলে নাকি জনগণ শান্তি পায়। আর বলেছেন, ওয়াদা করেন আবার নৌকায় ভোট দেবেন। আব্বাস উদ্দিনের একটা গান আছে- ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।’ দেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে। ভুলে যান, ওই নৌকার কথা ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। সময় থাকতে মানে মানে কেটে পড়ুন। তা না হলে এদেশের মানুষ আপনাদের বিদায় করবে।
পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ বেলা ১২টার দিকে শুরু হয়। এ সময় বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তন, অনির্বাচিত অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতি, ব্যাংক থেকে অবৈধভাবে বিদেশে টাকা পাচার, গুলি করে বিএনপি নেতাকর্মীদের হত্যা, হামলা, মামলাসহ সরকারের নানান নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে দেশের সকল বিভাগীয় পর্যায়ে বিএনপির গণ-সমাবেশ চলমান রয়েছে।
