মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বড় বিতর্কের সৃষ্টিই করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। কাতারের সফরের পর দুবাই সফরে যান সেখানে ইসরায়েলের এক এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন গুঞ্জন ওঠে। এই গুঞ্জনের জের ধরে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের রোষানলে পড়েছেন নুর।
শুক্রবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার ক্লাসিক রেস্টুরেন্টের সামনে তীব্র হট্টগোল। সেখানে নুরকে লাঞ্চিত করছেন প্রবাসীরা। যদিও ভিডিওটি বেশি দীর্ঘ নয় বলে সেখানে নুরকে পরিষ্কারভাবে দেখা যায়নি।
এর আগে ফেসবুকে মেন্দি সাফাদি ও নুরের একটি ছবি প্রকাশ হলে শুরু হয় আলোচনা। সেখান থেকে সমালোচনা। ওই ছবি সত্য নয় অ্যাখ্যা দিয়ে কয়েকটি ভিডিও প্রকাশ করেন। সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢালে একটি কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট।
ফাঁস হওয়া কলরেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তির সঙ্গে সাফাদির বিষয়ে আলাপ করছেন নুর। এমনকি কাতার থেকে দুবাই, সেখান থেকে সৌদি, আবার দুবাই, পরে মালয়েশিয়ার যাওয়ার প্ল্যান নিয়ে তার সাথে অনেক কথা হয়েছে। এসব ইস্যুতে নুর দাবি করছেন, একটি পক্ষ তার জনপ্রিয়তায় ধস নামাতে এগুলো করে অপপ্রচার চালাচ্ছে।
