ঢাকা, ১৬ জুন: ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার পরিবর্তে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিশোধ নিলেও হারানো ক্ষতি ফিরে পাওয়া যায় না, তাই ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক চিন্তা ও কর্মে মনোনিবেশ করা প্রয়োজন।
মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু প্রতিশোধ নিলেই কি সেই ক্ষতি পূরণ হবে? হবে না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাদের ভাবতে হবে দেশ, সমাজ ও মানুষের জন্য কী করা যায়।”
তিনি বলেন, সফলতা বা ব্যর্থতা পরের বিষয়, তবে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান বাস্তবতা প্রমাণ করে যে এ ধরনের প্রচেষ্টা স্থায়ী হয়নি। তিনি বহুদলীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সাংবাদিকদের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক দমন-পীড়নের মুখে সাংবাদিকদের সহযোগিতায় অনেক নেতাকর্মী উপকৃত হয়েছেন।
এ সময় দেশের তরুণ সমাজে মাদকাসক্তির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেবল গ্রেপ্তার বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়; বরং সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
