বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর মিরপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
সংগঠনের দাবি অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে আপসহীন অবস্থানে রয়েছে। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও সমাবেশে জানানো হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে দেশের অন্যতম বৃহৎ গণভিত্তিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলটিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখা সম্ভব নয়। জনগণের সমর্থন ও ভালোবাসার ভিত্তিতে আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও দাবি করেন, শেখ হাসিনা ভবিষ্যতে দেশে ফিরে আসবেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন।
