ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের কোথাও সন্ত্রাসীদের জন্য কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিতভাবে বিভিন্ন সরকারি স্থাপনা ও প্রশিক্ষণ একাডেমি নির্মাণের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক রোডসংলগ্ন ওই এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানটি সরেজমিনে পরিদর্শন করবেন।

মন্ত্রী বলেন, কারা অধিদপ্তর প্রথমে নির্ধারিত স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তী উন্নয়ন কার্যক্রম শুরু করবে। পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরের জন্যও নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে শুধু প্রচলিত পুলিশি ব্যবস্থা নয়, বরং র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। প্রয়োজনীয় ক্ষেত্রে হেলিকপ্টার সহায়তাও ব্যবহার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু জঙ্গল সলিমপুর নয়, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালীসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের আস্তানা চিহ্নিত করে পরিকল্পিতভাবে অভিযান চালানো হবে।

তিনি বলেন, “রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলাকারী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের শেষ আশ্রয়স্থলও গুঁড়িয়ে দেওয়া হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের লক্ষ্য শুধু অপরাধ দমন নয়, বরং দীর্ঘমেয়াদে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করা। এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উচ্চপর্যায়ের এই বিশেষ আইনশৃঙ্খলা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস দমন, সরকারি অবকাঠামো উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।