ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভৈরবে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৭টা থেকে শহরের কমলপুর এলাকার যুবকদের সঙ্গে দুর্জয় মোড় সংলগ্ন এলাকার যুবকদের এ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষ দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় দুর্জয় মোড় ও কমলপুর এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে কমলপুর এলাকার মাইক্রোবাস চালক আরমানের সঙ্গে দুর্জয় এলাকার কয়েকজন যুবকের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়নি।

এরই জেরে বুধবার বিকেলে দুর্জয় মোড় সংলগ্ন এলাকার কিছু যুবক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মাইক্রোস্ট্যান্ড ও কমলপুর এলাকার কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। পরে রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে সড়কের দুই পাশে থাকা বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও শুরুতে সংঘর্ষ থামাতে হিমশিম খেতে হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “মাইক্রোস্ট্যান্ডে ভাড়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্জয় মোড় ও কমলপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে রাতে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

তিনি আরও জানান, সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।