ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের ‘শিশু স্বর্গ’ মডেলের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলাদেশের উদ্ভাবিত বিশেষ স্বাস্থ্যসেবা মডেল ‘শিশু স্বর্গ’ বিশ্ব স্বাস্থ্য অঙ্গনে ব্যাপক প্রশংসা পেয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা–তে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে মডেলটি উপস্থাপন করে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ মে) জেনেভার হোটেল রয়্যালে আয়োজিত এই সভায় বিশ্বের ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ২০টি আন্তর্জাতিক সংস্থার ৪০ জনেরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই দশকের গবেষণার ভিত্তিতে ‘শিশু স্বর্গ’ মডেলটি তৈরি করা হয়েছে। এই মডেলের মাধ্যমে শিশুদের প্রতিবন্ধিতা শনাক্তের গড় বয়স ৫ বছর থেকে কমিয়ে মাত্র ৮ মাসে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে শিশুরা খুব অল্প বয়স থেকেই প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মডেলটির লক্ষ্য ও দর্শন তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবন্ধিতা কেবল চিকিৎসাজনিত বিষয় নয়, বরং এটি সামাজিক ও পরিবেশগত বাধার ফলেও তৈরি হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশু চোখে কম দেখলে বা কানে কম শুনলে সমাজ যদি তাকে প্রয়োজনীয় সহায়তা না দেয়, তখনই সে প্রকৃত অর্থে প্রতিবন্ধিতার শিকার হয়। সময়মতো সহযোগিতা নিশ্চিত করা গেলে অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব।

ড. এম এ মুহিত আরও জানান, বাংলাদেশে প্রতিবন্ধী শিশু রয়েছে এমন প্রায় ৭৫ শতাংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে দেখছে এবং দেশব্যাপী ‘শিশু স্বর্গ’ মডেল সম্প্রসারণে কাজ করছে।

তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ছয় স্তরের প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে। উচ্চপর্যায়ের একটি স্টিয়ারিং কমিটি পুরো কার্যক্রম তদারকি করছে, যাতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সব সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত হয়।

সভায় আরও বক্তব্য দেন জেনেভা ইউনিভার্সিটি হাসপাতাল–এর ড. হুবার্ট ভুয়াগনাত, সাইটসেভার্স ইন্টারন্যাশনালের ড. সারাহ কলিনসন, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মালিক মুহাম্মদ সাফি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের ডেনিস শ্রোয়েডার।

সমাপনী বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।