ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নতুন মূল্য অনুযায়ী আগামী ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষণায় দেখা যায়, ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা রাখা হয়েছে। তবে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা থাকে। এর প্রভাব পণ্য পরিবহন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারেও পড়তে পারে।
উল্লেখ্য, সরকার আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করে থাকে। এর ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন এই মূল্য কার্যকর করা হলো।
